ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে হানি ট্র্যাপ ও অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। একই সঙ্গে চক্রের কবল থেকে এক যুবককে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন ও সঙ্গীয় ফোর্স ৬ জুন ২০২৬ রাত ১১টায় আশুলিয়া থানার জামগড়া এলাকায় অভিযান চালান।
অভিযানে হানি ট্র্যাপ ও অপহরণকারী চক্রের সদস্য মোসা. পায়েল বেগম (৩৫), মো. ফরিদ আলী মিয়া (৪৫) এবং মো. আবুল কালাম (৪০)-কে গ্রেপ্তার করা হয়। একই সময়ে চক্রের হাতে জিম্মি থাকা মো. মোশারফ (১৮) নামে এক যুবককে উদ্ধার করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় ভিকটিমের চাচা বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, ঘটনার পরিপ্রেক্ষিতে আশুলিয়া থানায় মামলা নং-৩৪, তারিখ ৬ জুন ২০২৬, দণ্ডবিধি ১৮৬০-এর ৩২৩, ৩৮৫ ও ৩৮৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, অপহরণ, চাঁদাবাজি ও প্রতারণামূলক অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে।

Dhaka News36