মোঃ রবিউল ইসলাম সিয়াম : ঢাকার আশুলিয়ায় পৃথক দুটি অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ লিটার চোলাইমদসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।
পুলিশ জানায়, ডিবি (উত্তর) নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১১ এপ্রিল ২০২৬ রাতে আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে রাত ১০টা ৪৫ মিনিটে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ হাবিবুর রহমান ওরফে হাবু (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।
অপরদিকে একইদিন রাত ৯টা ৫ মিনিটে আশুলিয়ার বেলমা এলাকায় পৃথক আরেকটি অভিযানে আতাউর রহমান আতা ওরফে শাহীন (৫২) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত হাবিবুর রহমানের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা ও একটি জিআর ওয়ারেন্ট রয়েছে। অন্যদিকে আতাউর রহমানের বিরুদ্ধে একটি মাদক মামলা ও একটি অস্ত্র আইনের মামলা রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযান মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।
3

Dhaka News36