আশরাফুল আলম : ঢাকা জেলার ধামরাই ও আশুলিয়ায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য এবং কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানগুলো পরিচালনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশ জানায়, শনিবার (৪ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে ধামরাই থানার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য আঃ বারেক (৪৭) ও মোঃ রিপন মিয়া সাইফুল (৩৩) কে গ্রেফতার করা হয়। তথ্য-প্রযুক্তির সহায়তা ও কৌশলগত অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়।
অপরদিকে একইদিন রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার বাগবাড়ি ইউসুফ মার্কেট এলাকায় পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের তিন সদস্য মোঃ রাসেল আহমেদ (৩৪), মোঃ আইয়ুব আলী (২৩) এবং মোঃ রাফিজুল ইসলাম রকি (২২) কে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। এর মধ্যে আঃ বারেকের বিরুদ্ধে ৮টি এবং রিপন মিয়া সাইফুলের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধামরাই থানার মামলা নং-০৫ (তারিখ: ০১/০৩/২০২৬) এবং সাভার থানার মামলা নং-৬১ (তারিখ: ২২/১২/২০২৫), পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Dhaka News36