সাভার প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশব্যাপী তীব্র বায়ুদূষণ রোধ এবং সবুজ প্রকৃতি ফিরিয়ে আনার লক্ষ্যে সাভারে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে ঢাকা জেলা যুবদল।
দলের শীর্ষ নেতা তারেক রহমানের নির্দেশনা এবং নির্বাচনের আগে দেওয়া ৩১ দফা ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৫ বছরে সারাদেশে ৫ কোটি গাছ লাগানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই কর্মসূচির আওতায় সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডের কোটবাড়ির দক্ষিণ পাশের রাস্তার উভয় পার্শ্বে এবং আরা পাড়া জমিদার বাড়ির পুকুর পাড়ে বিভিন্ন প্রকার ফুল, ফল ও ঔষধি গাছ রোপন করেন ঢাকা জেলা যুবদলের নেতাকর্মীগণ।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আইয়ুব খান। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মুসলিমুর রহমান চন্দন।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, “আজকের এই মারাত্মক বায়ুদূষণ থেকে বাঁচতে এবং দেশের হারিয়ে যাওয়া বনাঞ্চল ও সবুজ প্রকৃতি ফিরিয়ে আনতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা আমাদের দেশকে আগের মতো সুজলা-সুফলা ও বিশুদ্ধ অক্সিজেনের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “গাছ লাগানোর জন্য এই বর্ষা মৌসুমই সবচেয়ে উপযুক্ত সময়। আমাদের নেতা তারেক রহমানের ৫ কোটি গাছের সেই প্রতিশ্রুতি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সফল করব।”
যুবদল নেতারা জানান, এই কর্মসূচির আওতায় তারা নিজেরা যেমন সাভারের বিভিন্ন এলাকায় গাছ লাগাচ্ছেন, তেমনি সাধারণ মানুষের মাঝেও বিনামূল্যে গাছের চারা বিতরণ করছেন। তবে শুধু চারা রোপণই নয়, গাছগুলো যেন পরিপূর্ণভাবে বেড়ে উঠতে পারে সেজন্য প্রতিটি গাছের সঠিক পরিচর্যা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তারা।
কর্মসূচিতে স্থানীয় যুবদল, বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উদ্বোধনী আলোচনা ও বৃক্ষরোপণ শেষে সাধারণ মানুষের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়।

Dhaka News36