আশরাফুল আলম : ধামরাই উপজেলার কালামপুর এলাকায় স্বাস্থ্যসেবার মান ও নিয়মনীতি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে পপুলার হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়েছে এবং আরও দুইটি বেসরকারি হাসপাতালকে জরিমানা করা হয়েছে।
রবিবার ১৩ই এপ্রিল উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্বাস্থ্যবিধি ও প্রয়োজনীয় অনুমোদন সংক্রান্ত বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় কালামপুরের পপুলার হাসপাতালের ওটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।
এছাড়া একই অভিযানে ইসলামীয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালকে স্বাস্থ্যসেবা আইন ও সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানে নানা অনিয়মের অভিযোগ ছিল, যার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তিতাস উপস্থিত থেকে কারিগরি সহায়তা প্রদান করেন। এ সময় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্স, প্রয়োজনীয় যন্ত্রপাতি, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং দক্ষ জনবল ছাড়া কোনো প্রতিষ্ঠানকে চিকিৎসাসেবা দেওয়ার অনুমতি নেই। কিন্তু অভিযানে এসব নিয়মের ব্যত্যয় পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি জানান, “স্বাস্থ্যসেবা খাতে অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের তদারকি নিয়মিত হলে স্বাস্থ্যসেবার মান বাড়বে এবং সাধারণ মানুষ প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি কমবে।

Dhaka News36