খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১৫ মার্চ) সকালে নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম. সাইফুল্লাহ রুবেল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ৯টায় বিমানযোগে তিনি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তাকে বহনকারী বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের উদ্দেশে রওনা দেবেন।
সাইফুল্লাহ রুবেল বলেন, দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৩টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে গিয়ে তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।
এদিকে, তার আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

Dhaka News36