বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং ‘মাদার অব ডেমোক্রেসি’ মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি, কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, এবং কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।
এছাড়াও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা জেলা যুবদলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ এ সময় বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম, জাতীয়তাবাদী দর্শন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন গণতান্ত্রিক সংগ্রাম দেশের কোটি মানুষের অনুপ্রেরণার উৎস। তাদের আদর্শকে ধারণ করে যুবদল আগামী দিনে দেশের গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।
তারা আরও বলেন, নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি সংগঠনকে তৃণমূল পর্যায় পর্যন্ত আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে নিরলসভাবে কাজ করবে। জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের স্বার্থ রক্ষায় যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।
পরে নেতৃবৃন্দ সমাধি প্রাঙ্গণে কিছু সময় অবস্থান করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে জাতি ও দেশের কল্যাণ কামনায় মোনাজাতে অংশগ্রহণ করেন।

Dhaka News36