জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে ব্ল্যাকমেইল করে বাসায় আটকে রেখে মারধর ও গরম পানি ঢেলে নির্যাতনের অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তারিকুল ইসলামের বিরুদ্ধে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়সংলগ্ন ইসলামনগর এলাকায় অভিযুক্তের বাসা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
অভিযুক্ত ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
ভুক্তভোগী সমাজবিজ্ঞান অনুষদের একটি বিভাগের ৫৩তম ব্যাচের ছাত্রী। অভিযুক্ত তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-এর ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা।
ভুক্তভোগীর বিভাগের এক নারী শিক্ষকের বরাতে জানা যায়, অভিযুক্তের সঙ্গে ছাত্রীর পূর্বপরিচয় ও ব্যক্তিগত সম্পর্ক ছিল, যা সম্প্রতি ভেঙে যায়।
মঙ্গলবার তারিকুল তারামন বিবি হলের সামনে গিয়ে ‘শেষবার কথা বলার’ কথা বলে তাকে বাসায় যেতে চাপ প্রয়োগ করেন। রাজি না হলে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করা হয়। একপর্যায়ে ইফতারসামগ্রী নিয়ে তিনি অভিযুক্তের বাসায় যান।
অভিযোগ অনুযায়ী, বাসায় নেওয়ার পর ছাত্রীর মুখে টেপ পেঁচিয়ে হাতুড়ি দিয়ে মারধর করা হয় এবং তার হাতে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হয়। পরে ক্ষতস্থানের ওষুধ কিনতে বাইরে যাওয়ার সময় কক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা হয়। সুযোগ পেয়ে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজার তালা ভেঙে তাকে উদ্ধার করে। প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ডা. তানভীর হোসেন জানান, ছাত্রীর হাতে কয়েক সেন্টিমিটার এলাকায় পোড়া ক্ষত রয়েছে।উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে রেফার করা হয়েছে।
এ ঘটনায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) আশুলিয়া থানায় একটি মামলা (নং–৭৮) দায়ের করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

Dhaka News36