পোশাক খাতে অস্থিরতা শ্রমিকদের আন্দোলন নয়: যুবদল নেতা আইয়ুব খান

নিজস্ব প্রতিবেদক, সাভার: তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতা ও ভাঙচুরের ঘটনা সাধারণ শ্রমিকদের আন্দোলন নয় বলে দাবি করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান। তিনি অভিযোগ করেন, শিল্পাঞ্চলকে অস্থিতিশীল করতে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা পরিকল্পিতভাবে এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে।

শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা রুখতে সকাল থেকেই নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন ঢাকা জেলা যুবদলের নেতাকর্মীরা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোথাও যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, সেজন্য তারা পুলিশ প্রশাসনকেও সর্বাত্মক সহযোগিতা করছেন।

সকালে পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খানের নেতৃত্বে একটি মৌন মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পোশাক শিল্পে শ্রমিকদের কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। বর্তমান যে অস্থিরতা চলছে, তা মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ফ্যাসিস্টদের একটি পরিকল্পিত ষড়যন্ত্র।

আইয়ুব খান আরও বলেন, গতকাল হেমায়েতপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, সাভার থানার ওসি ও ঢাকা জেলা উত্তর ডিবি ওসিসহ পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং সড়ক অবরোধের মতো সহিংস ঘটনা সাধারণ শ্রমিকদের কাজ হতে পারে না। এটি ফ্যাসিস্ট সরকারের দোসরদের সরাসরি নাশকতামূলক তৎপরতা।

এ সময় তিনি পোশাক খাতের জন্য ঘোষিত নতুন মজুরি বোর্ড দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান। আগামী জানুয়ারির মধ্যে এই মজুরি বোর্ড কার্যকরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানিতে পা না দিয়ে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানান। একই সাথে শ্রমিকদের অবৈধ ব্ল্যাকলিস্টিং বন্ধসহ অন্যান্য ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।

এদিকে সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি অধিকাংশ এলাকায় স্বাভাবিক থাকলেও কিছু জায়গায় বিচ্ছিন্ন বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। সকালে দোসাইদ এলাকায় একটি কারখানায় ভাঙচুর চালানো হয়। এছাড়া জামগড়া-নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের শ্রমিকরা সড়কে নেমে বিশৃঙ্খলার চেষ্টা করলে বিজিবি, র‍্যাব ও শিল্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিবৃত্ত করে।

শিল্পাঞ্চলের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যুবদল ছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে সতর্ক পাহারা দিচ্ছেন।

  • Related Posts

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমানত

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে পায়ে হেঁটে অংশ নেবেন…

    ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন অব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-জিবিসির নেতৃত্বে সাভারের শাওন

    ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বাঙলা কলেজ ক্যাম্পাসে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন অব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-জিবিসি’র প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর ২০২৬) প্রকাশিত এক বিজ্ঞপ্তির…

    Comments (0)

    Your email address will not be published. Required fields are marked *