স্টাফ রিপোর্টার : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সারাদেশে গ্যাস সরবরাহ কম থাকবে। এ সময়ে সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপের সমস্যায় পড়তে হতে পারে।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম আগামীকাল ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক এলএনজি সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। ফলে দৈনিক ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম হবে।
এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের গ্রাহকরা গ্যাসের স্বল্পচাপের সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে রান্নাবান্না ও শিল্পকারখানার উৎপাদন কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
সাভার ও আশপাশের এলাকায় গ্যাসের চাপ কতটা কমবে, সে বিষয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জাতীয় গ্রিডে সরবরাহ কমে যাওয়ায় এসব এলাকার গ্রাহকরাও সাময়িক সমস্যায় পড়তে পারেন।
পেট্রোবাংলা সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।







