ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াত জোটের প্রার্থী মামুনুল হক। বুধবার বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ বিজয়ী হন। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফলাফল বাতিলের দাবি জানিয়ে হাইকোর্টে আবেদন করেছেন মামুনুল হক।
এর আগে একই ধরনের অভিযোগে ২৫টিরও বেশি আসনের প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন। এসব আবেদন শুনানির জন্য গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনে অনিয়ম বা আপত্তি সংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চ এসব নির্বাচনী আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

Dhaka News36