ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তিনটি আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংশ্লিষ্ট আসনগুলো হলো— ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪। আলোচিত তিন আসনের মধ্যে ঢাকা-৬ মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আসন।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আবেদনের পর নির্বাচনি ট্রাইব্যুনাল ওই তিন আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিট ও সংশ্লিষ্ট নথিপত্র হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দেয়।
গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও একই দিন জারি করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।
গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
পরবর্তীতে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গেজেট জারি করেন। তবে উচ্চ আদালতের নির্দেশনার কারণে এখনো দুটি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়নি।

Dhaka News36