২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার প্রধান আসামি সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
ট্রাইব্যুনালে এই মামলায় প্রসিকিউসন পক্ষে শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামীম, বি এম সুলতান মাহমুদ, ফারুক আহমেদ, আবদুস সাত্তার পালোয়ান সহ অপর প্রসিকিউটররা। চার আসামির পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন।
চব্বিশের গণঅভ্যুত্থান নির্মূলে পরিচালিত মানবতাবিরোধী অপরাধ মামলায় এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষিত তৃতীয় রায়।
মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক, সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ সাহা, সাবেক কনস্টেবল মুকুল চোকদার ও যুবলীগ ক্যাডার রনি ভূইয়া।
এছাড়াও এ মামলায় আরও সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সেই সাথে অপর দুই আসামিকে সাত বছরের কারাদণ্ড ও একমাত্র রাজসাক্ষীকে খালাস দেয়া হয়েছে।
আজকের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা সাত আসামি হলেন-ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস ও সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান।
এছাড়া, আজকের রায়ে সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন সাবেক এসআই আরাফাত উদ্দীন ও কামরুল হাসান। আর এই মামলায় রাজসাক্ষী শেখ আবজালুল হককে খালাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এই মামলায় গ্রেপ্তার আট আসামি হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন আরজু, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান, শেখ আবজালুল হক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার।
আসামিদের মধ্যে শেখ আবজালুল হক রাজসাক্ষী হয়ে শহীদদের পরিবারসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করে জবানবন্দি দেন।
ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ এ মামলার পলাতক আট আসামি হলেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, আশুলিয়া থানার তৎকালীন ওসি এএফএম সায়েদ রনি, সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান, সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস, সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা ও স্থানীয় যুবলীগ লীগ নেতা রনি ভূঁইয
রায়ের অংশ হিসেবে আদালত সাবেক এমপি সাইফুল ইসলামের সব ধরনের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বাজেয়াপ্তকৃত সম্পত্তি নিহতদের পরিবারগুলোর মধ্যে বণ্টনের আদেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় সংঘটিত ওই হত্যাকাণ্ডে ছয়জনকে হত্যার পর মরদেহ ভ্যানে স্তূপ করে আগুনে পুড়িয়ে ফেলার পাশাপাশি আরও একজনকে হত্যার অভিযোগ আনা হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আজ এই রায় ঘোষণা করা হলো।
গত বছরের ২১ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। সে সময় উপস্থিত আট আসামির মধ্যে সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন। তবে দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন এসআই শেখ আবজালুল হক। এ মামলায় তদন্ত কর্মকর্তা জানে আলম খানসহ মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ২ জুলাই প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত। অভিযোগপত্রের সঙ্গে ৩১৩ পৃষ্ঠার অন্যান্য তথ্যসূত্র, ৬২ জন সাক্ষীর তালিকা, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণাদি এবং দুটি পেনড্রাইভ যুক্ত করা হয়।

Dhaka News36