বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে বিএনপি। ‘২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’-এমন বক্তব্য দেয়ার কারণে তাকে সর্কত করা হয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার (১১ মার্চ) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে জয়নুল আবদিন ফারুক এমপিকে সতর্ক করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
জানা গেছে, গত সোমবার (০৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এসময় তিনি বলেন, ‘তারেক রহমান ২০২৬ থেকে ৩২ নয়; ৩২ থেকে ২০৩৭ পর্যন্তও প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ। কারণ সূর্য উঠলেই বুঝা যায় দিন কেমন যাবে। তারেক রহমানের শুরুতেই বুঝে ফেলেছি ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে ছয় বার সংসদে যাওয়ার সুযোগ হয়েছে। তারেক রহমানকে দিয়েই হবে-এ মানুষটি দিয়েই হবে।’
ফারুক আরও বলেন, ‘শুধু ২০৩১ নয়, ২০৩৭ ও ২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ।’
এদিকে জয়নুল আবদিন ফারুকের এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। এজন্যই তাকে দলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

Dhaka News36