আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ইশতেহার ঘোষণা করেছে খেলাফত মজলিস।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ইশতেহার ঘোষণা করা হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাইয়েদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম এবং সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ।
আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আমির আলী হাওলাদার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ফয়েজ বক্স শহীদ, কাজী আরিফুর রহমান এবং মাওলানা সরদার নেয়ামতুল্লাহ প্রমুখ।
খেলাফত মজলিসের ৩৫ দফা নির্বাচনী ইশতেহার পাঠ করেন যুগ্ম মহাসচিব ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল।
প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ চলমান রাজনৈতিক ও নির্বাচনী পরিস্থিতি তুলে ধরে বলেন, ভোটগ্রহণের তারিখ ১২ ফেব্রুয়ারি যতই ঘনিয়ে আসছে, ততই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা বাড়ছে। নির্বাচনে কালো টাকা ও পেশীশক্তির দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে এবং কিছু ক্ষেত্রে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড বিঘ্নিত হচ্ছে।
তারা অভিযোগ করেন, বিগত কয়েক দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দ্বারা খেলাফত মজলিস ও ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থীদের প্রচার-প্রচারণায় হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। প্রার্থীর এজেন্ট ও নির্বাচনী কর্মীদের মোবাইল ফোনে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, পরাজিত ফ্যাসিস্ট অপশক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব বিষয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেন তারা। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, জনগণ তাদের প্রতিহত করবে—ইনশাআল্লাহ।

Dhaka News36