শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার অভিযোগে অন্তত ২৮ জনকে আটক করেছে পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অন্যান্য নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী রয়েছেন।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান এবং ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আবু নাসের রিকাবদার।

পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর-১০ ও আশপাশের এলাকায় নাশকতার পরিকল্পনা এবং সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করেছে ডিবির মিরপুর বিভাগ। অন্যদিকে, সহিংসতা চালিয়ে মিছিল বের করার প্রস্তুতির অভিযোগে আরও ১৭ জনকে আটক করেছে ডিএমপির মিরপুর বিভাগ।

ডিবির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান বলেন, পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনের আড়ালে সাধারণ শ্রমিকদের ব্যবহার করে একটি রাজনৈতিক চক্র অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি দাবি করেন, পল্লবী ও রূপনগর এলাকার পলাতক সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহর ভাগ্নে আলিফ মোল্লাহ এই ঘটনার সমন্বয়ক হিসেবে কাজ করছেন। বিভিন্ন জেলা থেকে দলীয় নেতাকর্মীদের ঢাকায় এনে মিরপুরে সংগঠিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশের ভাষ্য, রোববারের সহিংসতায় প্রায় শতাধিক রাজনৈতিক নেতাকর্মী সাধারণ শ্রমিকদের সঙ্গে মিশে অবস্থান নিয়েছিলেন। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

আটক ব্যক্তিদের মধ্যে রাকিব ও আরিফ নামের দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে।

এদিকে, আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর পোস্টও আলোচনায় এসেছে। পুলিশের অভিযোগ, সাধারণ শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশ করে একটি গোষ্ঠী সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজিবুল ইসলাম রোববার ফেসবুকে আন্দোলনসংক্রান্ত কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেন। দুপুর ২টা ১৭ মিনিটে দেওয়া এক পোস্টে তিনি আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে মন্তব্য করেন। এর আগে শ্রমিকদের ৩০ হাজার টাকা বেতনের দাবির আন্দোলনের বিভিন্ন ছবি ও ভিডিওও তিনি শেয়ার করেন।

রোববার বেলা ১১টার দিকে মিরপুর-১১ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে জানা গেছে।

উদ্ভূত পরিস্থিতিতে পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর মিরপুর-১০ গোলচত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম। তিনি বলেন, সাধারণ শ্রমিকদের আন্দোলনের আড়ালে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সদস্যরা ঢুকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

জনভোগান্তি কমানো এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করে সড়ক চলাচলের উপযোগী করা হয়েছে বলেও জানান তিনি।

  • Related Posts

    আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ৩ মামলা, আসামি ২৩০০, গ্রেপ্তার ১১

    নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে বিভিন্ন কারখানায় ভাঙচুর ও হামলার ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা দুই হাজার তিনশতাধিক ব্যক্তিকে আসামি…

    ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

    স্টাফ রিপোর্টার : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। বৃহস্পতিবার…

    Comments (0)

    Your email address will not be published. Required fields are marked *