0-4064x3048-0-0-{}-0-12#bokehtype:0#;ts:21895704126000;appts:1794501803073;qlty:1;;illum:2 scene:0 humanIn:0;
সাভার (ঢাকা): সাভারের স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফকিরবাড়ি মোড়ে উৎসবমুখর পরিবেশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর আব্দুস সবুরের সভাপতিত্বে এবং টিপু সুলতানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটির সফল আয়োজন করেন খোরশেদ আলম (খোকন)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ লিটন আহমেদ। বক্তব্যে তিনি ফকিরবাড়ি এলাকার মানুষের সাথে তার নাড়ির সম্পর্কের কথা তুলে ধরে ঘরের সন্তান হিসেবে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে এক ব্যতিক্রমী ও নিরপেক্ষ আহ্বান জানিয়ে লিটন আহমেদ বলেন, “আমি কখনোই বলব না ঘরের ছেলে বলেই আমাকে ভোট দিতে হবে। আপনারা বিচার-বিবেচনা করে যদি আমার চেয়ে যোগ্য ও ভালো কাউকে পান, তবে তাকেই ভোট দেবেন। কারণ একজন ভালো মানুষ নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হয়, আর ভুল মানুষকে বেছে নিলে পুরো ওয়ার্ড পিছিয়ে পড়ে।”
এলাকার চলমান সমস্যা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, “আমাদের এলাকার অন্যতম বড় সমস্যা হলো জলাবদ্ধতা এবং মাদকের ভয়াবহতা। আপনারা আমাকে সুযোগ দিলে—ইনশাআল্লাহ, এই ৮ নং ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার আমূল পরিবর্তন করে এলাকাকে জলাবদ্ধতামুক্ত করব। পাশাপাশি যুবসমাজকে রক্ষা করতে এবং মা-বোনদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই ওয়ার্ডকে একটি সম্পূর্ণ মাদকমুক্ত, নিরাপদ ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।”
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বিয়ান, তরুণ সমাজসহ বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় গভীর রাত পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দর্শক-শ্রোতারা।

dhakanews36.com