ধামরাইয়ে দুই ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন না থাকায় দুটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। ভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার কুশুড়া ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মদিনা ব্রিকস ও সাজেদা ব্রিকস নামের দুটি ইটভাটাকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ার। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়াই ইট প্রস্তুত ও ভাটা পরিচালনার অভিযোগে ইটভাটা দুটিতে অভিযান চালানো হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ভাটা দুটিকে জরিমানা করা হয়। অভিযানকালে সংশ্লিষ্টদের ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স নবায়ন না হওয়া পর্যন্ত কোনো ধরনের ইট প্রস্তুত বা ভাটার কার্যক্রম পরিচালনা না করার জন্য তাদের সতর্ক করা হয়। নির্দেশনা অমান্য করে কার্যক্রম চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার বলেন, পরিবেশ সংরক্ষণে ধামরাই উপজেলা প্রশাসনের নেতৃত্বে অবৈধ ইটভাটা ও ইট প্রস্তুতের সঙ্গে সংশ্লিষ্ট অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এর আগেও একাধিক ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নির্দেশনা অমান্য করে কোনো ইটভাটা কার্যক্রম পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *