ঢাকা: দীর্ঘ ২১ ঘণ্টার টানা আলোচনা ও ভোটাভুটির পর তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন এই কাঠামোতে কোনো ‘এ’, ‘বি’ বা ‘সি’ ক্যাটাগরি রাখা হয়নি; বরং কাজের দক্ষতা ও পদমর্যাদা অনুযায়ী গ্রেড-১ থেকে গ্রেড-৪ পর্যন্ত চারটি স্তরে বেতন নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়মে শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে দীর্ঘ বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। আগামী ডিসেম্বর মাস থেকেই এই নতুন মজুরি কার্যকর হবে।
কোন গ্রেডে কত বেতন:
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নতুন কাঠামোতে চারটি গ্রেডের নির্ধারিত মোট মজুরি হলো—
- গ্রেড-১: ২১,৫০০ টাকা
- গ্রেড-২: ২০,০০০ টাকা
- গ্রেড-৩: ১৯,২০০ টাকা
- গ্রেড-৪ (সর্বনিম্ন): ১৭,০০০ টাকা
এছাড়া যেসব শ্রমিক বর্তমানে নতুন ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাচ্ছেন, সর্বসম্মতিক্রমে তাঁদের বেতন ন্যূনতম ২ হাজার টাকা সমন্বয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেভাবে চূড়ান্ত হলো মজুরি:
বোর্ড সূত্র জানায়, প্রথম তিনটি গ্রেডের (গ্রেড-১, ২ ও ৩) বেতনের বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হলেও সর্বনিম্ন অর্থাৎ ৪ নম্বর গ্রেডের বেতন নিয়ে মতপার্থক্য দেখা দেয়। পরে শ্রম আইন অনুযায়ী ছয় সদস্যের বোর্ডে গোপন ভোট নেওয়া হয়। এতে চারজন সদস্য ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দিলে ১৭ হাজার টাকাই চূড়ান্ত হয়।
শ্রম আইন সংশোধনের পর মজুরি পর্যালোচনার সময়সীমা ৫ বছর থেকে কমিয়ে ৩ বছর করা হয়েছিল। গত ১ নভেম্বর বোর্ড গঠনের পর মাত্র ২০ থেকে ২৪ দিনের মধ্যে—যা পোশাক খাতের ইতিহাসে রেকর্ড সর্বনিম্ন সময়—নতুন এই মজুরি চূড়ান্ত করা হলো। শিগগিরই এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশ করা হবে।

dhakanews36.com