স্টাফ রিপোর্টার : ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন গাজীপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় বন্ধ ঘোষণা করা হয়েছে ৩৫টি কারখানা। ছুটি দেওয়া হয়েছে ২০টিতে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে টঙ্গীর গাজীপুরা ২৭ নম্বর রোড এলাকায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নামেন। শ্রমিকরা বলছেন, সরকারি নির্ধারিত ন্যূনতম মজুরি জীবন-যাপনের জন্য যথেষ্ট নয়। মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিতে তৎপর হন। এ সময় কয়েক দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মূল সড়কে উঠতে বাধা দেওয়া হয়। এতে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

dhakanews36.com