স্টাফ রিপোর্টার : পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সাভার মডেল মসজিদ এর সামনে ঢাকা জেলা যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। এ সময় ঢাকা জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপশক্তি যেন দেশের স্বাভাবিক পরিস্থিতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে যুবদলের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সন্ত্রাস ও নৈরাজ্যের সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
পরে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এ সময় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র এবং পরিকল্পিত নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবেন।
কর্মসূচি থেকে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

dhakanews36.com