বিনোদন ডেস্ক, ঢাকা নিউজ ৩৬: ধারাবাহিক নাটকের শুটিংয়ে অনুপস্থিত থাকা ও শিডিউল জটিলতার অভিযোগে ছোট পর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে আর্থিক ক্ষতির অভিযোগ তুলেছেন নির্মাতা মানসুর আলম নির্ঝর। তার দাবি, পাভেলের অনুপস্থিতি ও বারবার শিডিউল পরিবর্তনের কারণে পুরো শুটিং পরিকল্পনা ভেস্তে গেছে এবং এতে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এ ঘটনায় আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন নির্মাতা।
গত শনিবার (২১ নভেম্বর) রাতে পাভেলের বাসার সামনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নির্মাতা মানসুর আলম নির্ঝর। তিনি জানান, গত ১২ নভেম্বর থেকে ‘হাঙ্গামা’ নামের একটি নতুন ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন, যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পাভেল।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, গত ১৫ নভেম্বর ধারাবাহিকটির প্রথম পর্বের বিয়ের দৃশ্যের শুটিং নির্ধারিত ছিল। সেদিন ১৫ জন সিনিয়র শিল্পী ও ইনফ্লুয়েন্সারসহ পুরো টিম সেটে থাকলেও পাভেল আসেননি। পরে পারিবারিক সমস্যার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করলে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হয় এবং সেবার কোনো ক্ষতিপূরণ নেওয়া হয়নি। এরপর ওই সেটে টানা দুই দিন শুটিং করলেও শনিবার আবার অনুপস্থিত থাকেন পাভেল।
‘হাঙ্গামা’ নির্মাতা বলেন, ১৭ বছরের ক্যারিয়ারে এমন পরিস্থিতিতে আগে কখনো পড়েননি তিনি। পাভেলের দুই দিনের অনুপস্থিতিতে সেট ও শিল্পীদের পেছনে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি ধারাবাহিকের ধারাবাহিকতা নষ্ট হওয়ায় প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম ও দশম পর্বের দৃশ্যগুলো নতুন করে শুটিং করতে হবে; ফলে পুরো প্রজেক্টে ১৮ থেকে ২০ লাখ টাকা ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
নির্মাতা নির্ঝরের অভিযোগ, বেলা ১১টা থেকে রাত ১টা পর্যন্ত শতাধিকবার ফোন করার পরও পাভেলের সঙ্গে যোগাযোগ করা যায়নি, এমনকি তার মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেও সাড়া মেলেনি। সহকারী পরিচালক নূর সকাল থেকে পাভেলের বাসার সামনে অপেক্ষা করছিলেন, শুটিংয়ে নেওয়ার জন্য গাড়ি প্রস্তুত ছিল এবং সেট রেডি করে ভিডিও পাঠানো হলেও কোনো উত্তর মেলেনি। ফোন চালু থাকলেও ধরা হয়নি এবং অনলাইনে থেকেও মেসেজ সিন করা হয়েছে বলে দাবি করেন তিনি, যার প্রমাণ রয়েছে বলেও জানান নির্মাতা।
নির্মাতা জানিয়েছেন, বিষয়টি ইতোমধ্যে ডিরেক্টরস গিল্ড, অ্যাক্টরস ইকুইটি ও সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং ভবিষ্যতে পাভেলের সঙ্গে আর কাজ করবেন না। তবে এসব অভিযোগের বিষয়ে গণমাধ্যম থেকে অভিনেতা পাভেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় বলে জানা গেছে।

dhakanews36.com