সাভার প্রতিনিধি: শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার স্বার্থে সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় হা-মীম গ্রুপের পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার (১১ নভেম্বর) সকালে কারখানার প্রধান ফটকে নোটিশ ঝুলিয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছিল। উদ্ভূত পরিস্থিতিতে কারখানার সার্বিক নিরাপত্তা রক্ষা, সংঘাত এড়ানো এবং সম্পদ রক্ষার্থে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা প্রধান ফটকে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। নোটিশ দেখে অনেক শ্রমিককে কারখানার সামনে জড়ো হতে দেখা গেলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তারা ধীরে ধীরে এলাকা ত্যাগ করেন।
শিল্পাঞ্চল পুলিশ জানায়, যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে আশুলিয়া শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং নিয়মিত টহল অব্যাহত রয়েছে। কারখানার মালিকপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন।

dhakanews36.com